১৬ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন সালমান, কারণ জানালেন নিজেই

বলিউড তারকা সালমান খানকে সম্প্রতি আগের তুলনায় অনেকটাই রোগা ও কিছুটা ক্লান্ত দেখানোর পর তার স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। মুম্বাইয়ে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করতে থাকেন, হয়তো তিনি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন।
বিজ্ঞাপন
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ভক্ত উদ্বেগ প্রকাশ করেন। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতাকে এতটা ওজন কমানো অবস্থায় দেখে অনেকেই বিস্মিত হন। কেউ কেউ তার অসুস্থতা নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনাও শুরু করেন।
তবে সব ধরনের গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন সালমান খান। তিনি জানিয়েছেন, অসুস্থতার কারণে নয়, নতুন সিনেমার একটি চরিত্রের জন্যই তিনি ১৬ কেজি ওজন কমিয়েছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানভিত্তিক আয়োজনে ভাই সোহেল খানকে সমর্থন জানাতে গিয়ে সালমান বলেন, আমি ১৬ কেজি ওজন কমিয়েছি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিনেতার এই শারীরিক পরিবর্তনের পেছনে রয়েছে কঠোর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চা। মজা করে তিনি বলেন, আমার তো প্রতিদিনই ছুটির দিনের খাবার। তবে বাস্তবে তার খাদ্যতালিকা বেশ নিয়ন্ত্রিত। সালমান জানান, তিনি দিনে মাত্র এক টেবিলচামচ ভাত খান। মূলত প্রোটিনসমৃদ্ধ খাবারই তার দৈনন্দিন খাদ্যতালিকায় থাকে। পাশাপাশি সকাল ও সন্ধ্যায় নিয়মিত কঠোর ব্যায়ামও করেন।
৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার ৬০ বছর বয়সী এই অভিনেতার বর্তমান ওজন ৭৫ কেজি। নতুন চরিত্রের জন্য শরীরকে নির্দিষ্টভাবে গড়ে তুলতেই তিনি এই কঠোর প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, খুব শিগগিরই দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে নতুন একটি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে সালমান খানকে। ধারণা করা হচ্ছে, সেই সিনেমার চরিত্রের প্রয়োজনেই তিনি এই উল্লেখযোগ্য শারীরিক পরিবর্তন এনেছেন। অভিনেতার ব্যাখ্যার পর ভক্তদের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন এবং নতুন সিনেমায় তাকে ভিন্ন রূপে দেখার অপেক্ষার কথা জানিয়েছেন।








