বিয়ের প্রস্তাব দিতেই দুজনের যোগাযোগ বন্ধ!

মা-হারা আরিয়ানের পৃথিবীতে বাবাই সবচেয়ে কাছের মানুষ। বাবার প্রতিষ্ঠানের দায়িত্বও এখন তার কাঁধে। কাজ শেষে একদিন বাড়ি ফেরার পথে হঠাৎ একটি মেয়েকে গাড়ির সামনে দেখতে পায় সে। গাড়ি থামিয়ে মেয়েটিকে সহযোগিতা করে আরিয়ান। মেয়েটি কৃতজ্ঞতা জানিয়ে চলে গেলেও সেখানেই শেষ হয় না তাদের গল্প।
বিজ্ঞাপন
মেয়েটির নাম আয়েশা। প্রথম দেখাতেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আরিয়ান। এরপর বিভিন্ন জায়গায় আয়েশাকে খুঁজতে থাকে সে। একদিন বাসস্টেশনে আয়েশাকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে তার সঙ্গে পরিচিত হয় আরিয়ান।
এরপর থেকে আয়েশার প্রতি আরিয়ানের আগ্রহ আরও বাড়তে থাকে। নিয়মিত তাকে অনুসরণ করতে শুরু করে সে। শুরুতে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করলেও ধীরে ধীরে আয়েশার মনেও আরিয়ানের জন্য অনুভূতি তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সম্পর্কের বিষয়টি আরিয়ান বাবার কাছেও গোপন রাখে না। আয়েশাকে বাসায় নিয়ে গিয়ে বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় সে। কিন্তু গল্পে বড় পরিবর্তন আসে যখন আরিয়ান আয়েশাকে বিয়ের প্রস্তাব দেয়।
বিয়ের প্রস্তাব পাওয়ার পর হঠাৎ করেই আরিয়ানের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় আয়েশা। কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাকে খুঁজতে মরিয়া হয়ে ওঠে আরিয়ান। কেন হঠাৎ আয়েশা এমন সিদ্ধান্ত নিল, সেই রহস্যই সামনে আসে গল্পের পরবর্তী অংশে।
বাস্তব কোনো ঘটনা নয়, এটি চয়নিকা চৌধুরীর নির্মিত বিশেষ নাটক ‘প্রথম দেখার পর’-এর গল্প। নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন তিনি।
বিজ্ঞাপন
নাটকটির প্রধান দুই চরিত্র আরিয়ান ও আয়েশার ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। এছাড়াও এতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুরসহ আরও অনেকে।
আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।








