৪১ বছর বয়সে আবারও মা হচ্ছেন অভিনেত্রী মাহিরা খান

১৭ বছর পর আবারও মা হতে চলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের অপেক্ষায় রয়েছেন তিনি। সম্প্রতি কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনার পাশাপাশি এই নতুন অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
মাহিরা প্রথমবার মা হন ২৪ বছর বয়সে। সাবেক স্বামী আলি আসকারির সঙ্গে তার ছেলে আজলানের জন্ম হয়। ২০০৭ সালে বিয়ে করেছিলেন তারা। পরে ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০২৩ সালে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। সেই বিয়ের প্রায় তিন বছর পর এবার তাদের পরিবারে আসছে নতুন অতিথি।
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে অংশ নিয়ে মাহিরা চলচ্চিত্রের পাশাপাশি দক্ষিণ এশিয়ার গল্প ও শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি জায়গা দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন। এ সময়ই তার দ্বিতীয়বার মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্যক্তিগত জীবনের বিষয় সাধারণত প্রকাশ্যে আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না মাহিরা। তাই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করার সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না বলে জানান তিনি।
গর্ভাবস্থায় লালগালিচায় হাঁটার অভিজ্ঞতাও তার জন্য ছিল নতুন। নিজের পরিবর্তিত শরীরকে পোশাকের আড়ালে লুকানোর বদলে স্বাভাবিকভাবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। উৎসবে তাকে গাঢ় রঙের কারুকাজ করা শাড়ি, কাজ করা ওড়না, বড় কানের দুল ও খোলা বেণিতে দেখা যায়।
বিজ্ঞাপন
প্রথমবারের চেয়ে এবারের অভিজ্ঞতা ভিন্ন
দুইবারের মাতৃত্বের অভিজ্ঞতার পার্থক্য তুলে ধরে মাহিরা বলেন, ২৪ বছর বয়সে যখন প্রথমবার মা হয়েছিলেন, তখন ভবিষ্যৎ নিয়ে তার মধ্যে তুলনামূলক কম উদ্বেগ ছিল। শারীরিকভাবেও নিজেকে ভালো অনুভব করতেন এবং সামনে কী অপেক্ষা করছে, তা নিয়ে খুব বেশি ভাবতেন না।
এবার পরিস্থিতি ভিন্ন। ৪১ বছর বয়সে এসে শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই গর্ভাবস্থাকে তিনি বেশি চ্যালেঞ্জিং হিসেবে অনুভব করছেন।
বিজ্ঞাপন
মাহিরার ভাষ্য, এমন অনেক সময় আসে যখন শরীর তার মনের গতির সঙ্গে তাল মেলাতে পারে না। অথচ নিয়মিত কাজ, ভ্রমণ এবং ব্যস্ত জীবনযাপনে তিনি অভ্যস্ত।
পরিকল্পনার বাইরে নতুন অধ্যায়
শুধু শারীরিক পরিবর্তন নয়, বয়স বাড়ার সঙ্গে জীবনের মূল্য ও অনিশ্চয়তা সম্পর্কে নিজের উপলব্ধিও বদলেছে বলে জানান মাহিরা। তাই এবারের মাতৃত্বে আনন্দের পাশাপাশি ভয়, ক্লান্তি ও দুর্বলতার অনুভূতিও রয়েছে তার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দ্বিতীয়বার মা হওয়ার আগে তার জীবন অনেকটাই গুছানো ছিল। বড় হয়ে যাওয়া ছেলে আজলান, অভিনয়, নিজের কাজ এবং স্বাধীন জীবনযাপনের সঙ্গে তিনি অভ্যস্ত হয়ে উঠেছিলেন। জীবনের এই পর্যায় কীভাবে কাটবে, সে সম্পর্কেও নিজের একটি পরিকল্পনা ছিল।
বিজ্ঞাপন
কিন্তু এত বছর পর আবার মাতৃত্ব তার সেই পরিকল্পনায় নতুন পরিবর্তন এনেছে। আগে থেকে এমন কিছু ভাবেননি বলেও জানান তিনি।
এই অপ্রত্যাশিত পরিবর্তনকে এখন জীবনের একটি শিক্ষা হিসেবে দেখছেন মাহিরা। তার উপলব্ধি, জীবনের প্রতিটি বিষয় মানুষের পরিকল্পনা অনুযায়ী এগোয় না। অনেক সময় মানুষ একভাবে ভবিষ্যৎ সাজালেও বাস্তবতা তাকে অন্য পথে নিয়ে যায়।
তাই সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টার বদলে জীবনের পরিবর্তনকে গ্রহণ করার কথাই বলছেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে মাহিরার এবারের উপস্থিতি তাই তার জীবনের দুই ভিন্ন অধ্যায়কে একসঙ্গে সামনে এনেছে। একদিকে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানি ও দক্ষিণ এশীয় চলচ্চিত্রের প্রতিনিধিত্ব, অন্যদিকে দীর্ঘ ১৭ বছর পর আবার মাতৃত্বের নতুন যাত্রা।








