Logo

একুশে পদক নিয়ে রিকশায় বাড়ি ফিরলেন ওয়ারফেজ সদস্যরা

profile picture
বিনোদন প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩৫
একুশে পদক নিয়ে রিকশায় বাড়ি ফিরলেন ওয়ারফেজ সদস্যরা
ছবি: সংগৃহীত

একুশে পদক গ্রহণের পর রিকশায় করে বাড়ি ফিরেছেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-এর সদস্যরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ফেরার পথে রিকশাচালকসহ হাস্যোজ্জ্বল একটি ছবি ফেসবুকে শেয়ার করেন দলের গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল। ছবিটি সামাজিক মাধ্যমে ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয় ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং ব্যান্ড দল ওয়ারফেজকে এ সম্মাননা দেওয়া হয়।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবারের পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু, নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস।

বিজ্ঞাপন

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, ঊর্ধ্বতন বেসামরিক-সামরিক কর্মকর্তা, বিদেশি আমন্ত্রিত অতিথি, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীসহ দেশবরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হেভিমেটাল ব্যান্ড হিসেবে ১৯৮৪ সালে যাত্রা শুরু করেছিল ‘ওয়ারফেজ’। ক্রমে জনপ্রিয় থেকে তারুণ্যের ক্রেজে পরিণত হয় দলটি। ১৯৯১ সালে দলের নামেই প্রকাশিত হয় প্রথম হেভিমেটাল গানের অ্যালবাম ‘ওয়ারফেজ’। বলা যায়, ওয়ারফেজের হাত ধরেই বাংলায় হেভিমেটাল জেগে ওঠে। ইংরেজি থেকে তরুণরা তখন বাংলা হেভিমেটালের দিকে মুখ ফেরায়। তাদের মুখে মুখে ফিরতে থাকে ‘একটি ছেলে’, ‘বসে আছি’ গানগুলো।

বিজ্ঞাপন

বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন—ড্রামসে ও দলনেতা টিপু, ভোকালে পলাশ, লিড গিটারে কমল এবং গিটারে সামির ও সৌমেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD