গোলাপি গাউনে বিদ্যা সিনহা মিমের রাজকীয় উপস্থিতি

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও স্টাইল দিয়ে বরাবরই দর্শক-ভক্তদের মুগ্ধ করে আসছেন বিদ্যা সিনহা মিম। সামাজিক মাধ্যমে নানা রূপে নিজেকে উপস্থাপন করতে দেখা যায় তাকে। এবার হালকা গোলাপি রঙের একটি দৃষ্টিনন্দন গাউনে হাজির হয়ে আবারও নজর কাড়লেন এই তারকা।
বিজ্ঞাপন
সোমবার নিজের ফেসবুক পেজে একটি ফ্যাশন ফটোশুটের কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। সম্প্রতি আয়োজিত লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মিম। সেখানেই এই আকর্ষণীয় সাজে দেখা যায় তাকে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, অফ-শোল্ডার ডিজাইনের গাউনটির পেছনে রয়েছে দীর্ঘ ট্রেইল। গলায় ঝলমলে পাথরের নেকলেস, হাতে স্বচ্ছ গ্লাভস এবং পরিপাটি চুলের সাজে তিনি ছড়িয়েছেন রাজকীয় আভা। বিভিন্ন ভঙ্গিমার পোজ ছবিগুলোতে যোগ করেছে আলাদা মাত্রা।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘লাবণ্য, আকর্ষণ এবং রাজকীয়তার এক অপূর্ব ছোঁয়া’।
বিজ্ঞাপন
ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্য ঘরে ভক্তরা তার এই স্নিগ্ধ ও রাজকীয় উপস্থিতির প্রশংসা করেছেন।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করা মিম দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। একই প্ল্যাটফর্মের এবারের আসরেও তিনি জুরি হিসেবে দায়িত্ব পালন করেন এবং গালা আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন শীর্ষ ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও নিয়মিত কাজ করছেন তিনি। ব্যস্ততার মাঝেও ভ্রমণ ও সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে মাঝে মাঝেই নতুন লুকে হাজির হয়ে ভক্তদের মুগ্ধ করেন এই অভিনেত্রী।








