ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না: পূর্ণিমা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন। তবে ক্যারিয়ারের শুরুটা তার জন্য মোটেও সহজ ছিল না। শুটিংয়ের আগে কঠোর প্রস্তুতি ও গ্রুমিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে, যা আজও তার স্মৃতিতে স্পষ্ট।
বিজ্ঞাপন
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ারের শুরুর দিকের অজানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, নায়িকা হিসেবে নির্বাচিত হওয়ার পরও তখন নিজেকে সত্যিকারের নায়িকা হিসেবে উপলব্ধি করতে পারেননি।

পূর্ণিমা বলেন, নায়িকা হিসেবে নির্বাচিত হওয়ার পর শুটিং শুরুর প্রায় ২০ দিন আগে থেকে তার গ্রুমিং শুরু হয়। প্রতিদিন ভোর ৬টায় ঘুম থেকে উঠে সূর্য ওঠার সময় আলোতে সরাসরি ১০ থেকে ১৫ মিনিট তাকিয়ে থাকার অনুশীলন করতে হতো।

তিনি বলেন, সিনেমার শুটিংয়ে দিনের আলোতে কাজ করার সময় রিফ্লেকশন বোর্ডের আলো চোখে ঠিকভাবে গ্রহণ করতে এবং চোখ যেন ছোট হয়ে না যায়, সে জন্যই এই অনুশীলন করানো হতো। এতে মুখ আরও উজ্জ্বল দেখায় এবং ক্যামেরার সামনে চোখ স্বাভাবিক থাকে।
বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রিফ্লেকশন বোর্ডের আলো চোখে পড়লে অনেক সময় চোখে পানি চলে আসতে পারে বা চোখ ছোট হয়ে যেতে পারে। এসব সমস্যা এড়াতে নিয়মিতভাবে সূর্যের দিকে তাকিয়ে থাকার মাধ্যমে প্রস্তুতি নেওয়া হতো বলেও জানান তিনি।








