Logo

ঈদের আমেজ বাড়াল মিম-শুভর ‘গুলগুলি পিঠা’

profile picture
বিনোদন ডেস্ক
২৬ মে, ২০২৬, ১৫:৫৯
ঈদের আমেজ বাড়াল মিম-শুভর ‘গুলগুলি পিঠা’
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর ভিড়ে আলাদা করেই আলোচনায় রয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’। কয়েকদিন আগে প্রকাশ পাওয়া সিনেমাটির ট্রেলার দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। সেই উত্তেজনার মধ্যেই এবার প্রকাশ পেল সিনেমাটির প্রথম আইটেম গান ‘গুলগুলি পিঠা’, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে তুমুল সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেন আরিফিন শুভ। প্রকাশের পরপরই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। দর্শক-ভক্তদের মন্তব্যে ভরে ওঠে সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম।

গানটির শুরুতেই দেখা যায় বিদ্যা সিনহা মিমের এক ভিন্নধর্মী ও আকর্ষণীয় উপস্থিতি। পুরো গানের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠেন তিনি। ঝলমলে খয়েরি রঙের ফিউশনধর্মী ঐতিহ্যবাহী পোশাকে তার নাচ, অভিব্যক্তি ও উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। এরপর আরিফিন শুভর রাফ অ্যান্ড টাফ লুকে পর্দায় হাজির হওয়া গানে যোগ করে বাড়তি মাত্রা। অনেক দর্শকের মতে, গানটির নির্মাণশৈলী ও উপস্থাপনা দক্ষিণ ভারতীয় সিনেমার আবহ তৈরি করেছে।

বিজ্ঞাপন

আদিত রহমানের সংগীত পরিচালনায় তৈরি হওয়া ‘গুলগুলি পিঠা’ গানে বাদ্যযন্ত্রের ব্যবহার ও বিট দর্শকদের মধ্যে উৎসবের আমেজ এনে দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন, গানটি শোনার পর থেকেই যেন ঈদের অনুভূতি আরও বেড়ে গেছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ও প্রতীক হাসান। গানের কথা লিখেছেন লুৎফর হাসান। গানটির কথা, সুর ও চিত্রায়ণ—সব মিলিয়ে দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে।

এদিকে গানটি শেয়ার করে রসিকতাও করেছেন আরিফিন শুভ। নিজের পোস্টে তিনি লিখেছেন, ‘ঈদের গোস্ত তো খাইবেনই, আগে “গুলগুলি পিঠা” ট্রাই করেন। “মালিক” আসতেছে ঈদে।’

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর বড় পর্দায় বিদ্যা সিনহা মিমকে এমন প্রাণবন্ত আইটেম গানে দেখা গেল বলে মন্তব্য করছেন অনেকে। একইসঙ্গে বহুদিন পর এই সিনেমার মাধ্যমে শুভ ও মিমের জুটিকেও আবার একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।

পরিচালক সাইফ চন্দনের ‘মালিক’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক জেদি ও উচ্চাকাঙ্ক্ষী মানুষকে ঘিরে, যে নিজের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে ধীরে ধীরে অপরাধ জগতের শক্তিশালী এক প্রভাবশালী চরিত্রে পরিণত হয়।

বিজ্ঞাপন

সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই ‘মালিক’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছিল। এবার ‘গুলগুলি পিঠা’ গান প্রকাশের পর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ঈদের সিনেমার দৌড়ে শক্ত অবস্থান তৈরি করতে যাচ্ছে সিনেমাটি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD