Logo

ফিফা বিশ্বকাপ: নতুন গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়

profile picture
বিনোদন ডেস্ক
২৪ মে, ২০২৬, ১৬:২৮
ফিফা বিশ্বকাপ: নতুন গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা আরও বাড়াতে নতুন গান প্রকাশ করেছেন পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান হিসেবে মুক্তি পেয়েছে তাদের নতুন ট্র্যাক ‘দাই দাই’।

বিজ্ঞাপন

গানটি ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর সমর্থনে তৈরি করা হয়েছে। মিয়ামিতে ধারণ করা এবং হান্না লাক্স ডেভিস পরিচালিত এই মিউজিক ভিডিওতে ফুটবলের একঝাঁক তারকাকে দেখা গেছে।

ভিডিওতে অংশ নিয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, তাকেফুসা কুবো, সান্তিয়াগো গিমেনেজ, আর্লিং হালান্ড, লুইস দিয়াজ, আলফোনসো ডেভিস, জামাল মুসিয়ালা ও ক্রিশ্চিয়ান পুলিসিকের মতো বিশ্বখ্যাত ফুটবলাররা।

বিজ্ঞাপন

এছাড়া উগান্ডার সুবিধাবঞ্চিত ও অনাথ শিশুদের নিয়ে কাজ করা এনজিও ‘ঘেটো কিডস’-ও এতে অংশ নেয়। ভিডিওটির বিশেষ আকর্ষণ হিসেবে মেক্সিকো সিটির ঐতিহাসিক স্থাপনা ‘আনহেল দে লা ইন্দেপেনদেনসিয়া’-এর চূড়ায় শাকিরার দৃশ্যও ধারণ করা হয়েছে।

আগামী ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে হাফটাইম শো। সেই মঞ্চে শাকিরা সহ-প্রধান শিল্পী হিসেবে পারফর্ম করবেন ম্যাডোনা ও কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর সঙ্গে। সেখানেই বার্না বয়কে সঙ্গে নিয়ে ‘দাই দাই’ গানটি লাইভ পরিবেশন করার কথা রয়েছে।

‘দাই দাই’ গানটি মূলত ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের অফিসিয়াল অ্যান্থেম। এর মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে, যা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।

বিজ্ঞাপন

শাকিরা গানটির সম্পূর্ণ রয়্যালটি এই ফান্ডে দান করছেন। পাশাপাশি সোনি মিউজিক ২ লাখ ৫০ হাজার ডলার অনুদানের ঘোষণা দিয়েছে। শাকিরার আসন্ন ট্যুরের প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার করেও এই ফান্ডে যোগ করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD