Logo

ভেনিসে হামলার শিকার বাঁধন, লাইভে তুলে ধরলেন ভয়াবহ অভিজ্ঞতা

profile picture
বিনোদন ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৮
ভেনিসে হামলার শিকার বাঁধন, লাইভে তুলে ধরলেন ভয়াবহ অভিজ্ঞতা
ছবি: সংগৃহীত

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে শারীরিকভাবে হেনস্তা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনাটির পর সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে নিজের সঙ্গে ঘটে যাওয়া পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

বাঁধনের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মী ভেনিসে তার ওপর হামলা চালিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও কয়েকজনকে তাকে ঘিরে উত্তেজিত অবস্থায় দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে এক ব্যক্তিকে বাঁধনকে উদ্দেশ করে ‘জুলাই জঙ্গি’ ও ‘দেশদ্রোহী’ আখ্যা দিতে শোনা যায়।

ঘটনার সময় বাঁধনের সঙ্গে তার ভাই ও ভাইয়ের ছোট শিশুসন্তান ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার ভাই তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে জানান অভিনেত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘আমি আমার ভাইয়ের সাথে পার্কে গিয়েছিলাম। কিন্তু এখানে অনেক বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে হেনস্থা করেছে। আমার গায়ে পানি, কোক এগুলো ছুঁড়ে মারছে। আমি একদম ভিজে গেছি। আমার সাথে, আমার সাথে হচ্ছে আমার ভাইয়ের ছোট বাচ্চাটাও ছিল। তারা আমার গায়েও হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে, আমার কানের এখানে বাড়ি মেরেছে। সো এগুলো তারা করেছে।’

তিনি আরও বলেন, ‘তারা বলেছে যে আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ আমি জুলাই যোদ্ধা। আমি অবশ্যই জুলাইতে আন্দোলনে অংশগ্রহণ করেছি। তারা বলেছে যে তারা বঙ্গবন্ধুর সৈনিক। তারা আমাকে বলেছে যে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' বলতে জোর করে। তো এবং তারা সেগুলো ভিডিও করেছে এবং সেগুলো তারা লাইভ করছিল, আপলোড করছিল।’

বিজ্ঞাপন

বাঁধনের ভাষ্য, তিনি যে সিনেমাটি নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেন। পরিচালকের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন উল্লেখ করে অভিনেত্রী বলেন, জুলাইয়ের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করেছেন।

এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘তো, আওয়ামী লীগের যে কর্মীরা জানেন না যে আমি বাংলাদেশ থেকে যে সিনেমাটা নিয়ে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে আসছি, সেই সিনেমাটার ডিরেক্টর হচ্ছে রুবাইয়াত হোসেন, যার বাবা আপনাদের একজন সম্মানিত মন্ত্রী ছিলেন। আপনারা একটু খবর নিয়ে দেখবেন। সো আমি তার সাথে কাজ করেছি এবং জুলাইয়ের পরেই কাজ করেছি।’

ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা যে কাজটা আজকে করেছেন, আমি বলব যে আপনাদের এই ধরনের অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বের হয়ে আসা উচিত ছিল যেটা আপনারা করতে পারেন নি। আপনারা ভেবেছেন যে আমরা এইভাবে করেই হয়তো পরবর্তীতে আমাদের জায়গাটা আবার সুগঠিত করতে পারব। সেটা আমার মনে হচ্ছে না আপনাদের এই ধরনের আচরণের কারণে।’

বিজ্ঞাপন

ঘটনার পর বাঁধন ভেনিসের একটি থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে। তবে হামলার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও সে সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। ওই রাজনৈতিক অবস্থানের জেরেই ভেনিসে তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD