একাকিত্বে ভয় না পাওয়ার বার্তা দিলেন অভিনেত্রী পূজা চেরী

নতুন সিনেমার শুটিং কিংবা অভিনয়ের খবর না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী পূজা চেরী। নিয়মিত ফটোশুটের ছবি প্রকাশের পাশাপাশি বিভিন্ন বার্তাও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার একা হয়ে যাওয়াকে ভয় না পেয়ে নিজের পথে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রায় এক ডজন ছবি পোস্ট করেন পূজা। ছবিগুলোতে নীল কুর্তি ও সাদা প্যান্টে দেখা গেছে তাকে। রাতের আলোয় একটি ভবনের ছাদসংলগ্ন বারান্দায় তোলা ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে।
ছবিগুলোর সঙ্গে একটি অনুপ্রেরণামূলক বার্তাও দিয়েছেন পূজা। তিনি লিখেছেন, ‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা। যদি হঠাৎ দেখো, তোমার পরিচিত মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর যেখানে একসময় হাসি-আড্ডা আর মানুষের ভিড় ছিল, সেখানে হঠাৎ এখন তুমি একা, তবে ভয় পেয়ো না। এর মানে, তুমি আর দশজনের ভিড় থেকে বেরিয়ে নিজের সাম্রাজ্যের পথে এগিয়ে যাচ্ছো।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
পূজার নতুন সাজের ছবিগুলোতে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। মন্তব্যের ঘরে অনেকে তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন, আবার কেউ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নতুন সাজে আরও ছবি প্রকাশের আবদার করেছেন।
বিজ্ঞাপন
পূজা চেরীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির কাজ অবশ্য বেশ আগেই শেষ হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর জানাননি অভিনেত্রী। এদিকে, তার ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জনও আলোচনায় এসেছে।








