হামের প্রাদুর্ভাব : স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত

দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং চিকিৎসাসেবা সচল রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার জারি করা এক অফিস আদেশে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর এবং এর আওতাধীন সব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ও নৈমিত্তিক ছুটি স্থগিত থাকবে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এ আদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের কথা জানিয়ে তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে টিকাদান কর্মসূচি জোরদার করেছে। সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা অব্যাহত রাখা এবং টিকাদান কার্যক্রম বাড়ানো—এই দুই বিষয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নির্দেশনাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের জন্য বলা হয়েছে।








