Logo

বেড়েছে হামের সংক্রমণ : ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৬, ১৫:০৩
বেড়েছে হামের সংক্রমণ : ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে হামে আক্রান্ত হওয়ার হার হঠাৎ বেড়ে যাওয়ায় আগামীকাল (রবিবার) থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এই ৩০ উপজেলা থেকেই কার্যক্রম শুরু করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, ঝুঁকিপূর্ণ এসব এলাকায় ইতোমধ্যে প্রয়োজনীয় টিকা পাঠানো হয়েছে, যাতে কর্মসূচি শুরুতে কোনো ধরনের ঘাটতি না থাকে।

ইপিআই-এর স্টোর কিপার মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ধাপে নির্বাচিত ৩০টি উপজেলায় আগেই টিকা পৌঁছে দেওয়া হয়েছে। ওই সব এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী যেসব শিশু এখনো হামের (মিজেলস) টিকা গ্রহণ করেনি, তাদের তালিকা স্থানীয় পর্যায় থেকে সংগ্রহ করে টিকা সরবরাহ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, চলতি বছর জরুরি এই কর্মসূচির আওতায় সারাদেশে মোট ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১২ লাখ ৩ হাজার ২৬৭ জন শিশুকে হামের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

যে ৩০ উপজেলায় প্রথম ধাপে টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সেগুলো হলো— রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর।

বিজ্ঞাপন

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর কারণ হাম হিসেবে নিশ্চিত হয়েছে। একই সময়ে ৭১১ জন শিশুর শরীরে হামের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা না গেলে সংক্রমণ আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD