Logo

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
৪ এপ্রিল, ২০২৬, ১৬:৩৬
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা আইজা (৫ মাস ২০ দিন) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত আইজা কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকার বাসিন্দা মোমিন হোসেনের মেয়ে। গত ৩০ মার্চ হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় জেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, “ভর্তির সময় থেকেই শিশুটির আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। আমরা ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু পরিবার নিতে পারেনি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে রাতে শিশুটি মারা যায়।”

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আফরান নামের আট মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত তিন শতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট তিনটি শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীর চাপ বেড়ে যাওয়ায় হামের রোগীদের জন্য আলাদা কর্নার করা হলেও অনেককে সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা নিতে হচ্ছে। এতে শয্যাসংকট দেখা দিয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, “হামের টিকা পর্যাপ্তভাবে পাওয়া যায়নি। সচেতনতার ঘাটতি এবং বাইরের জেলা থেকে মানুষের আসা-যাওয়ার কারণে সংক্রমণ বাড়ছে। ইতোমধ্যে সব হাসপাতালে ‘হাম আইসোলেশন কর্নার’ চালু করা হয়েছে। টিকা পাওয়া মাত্র দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হবে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD