চৈত্রের অকাল বৃষ্টিতে চাকিরপশার বিলে ১০০ একর ফসল তলিয়ে

চৈত্র মাসের অকাল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিলের নাফাডাঙ্গা অংশে প্রায় ১০০ একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে।
বিজ্ঞাপন
হঠাৎ এই বৃষ্টিতে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে বোরো ধান, ভুট্টা ও বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বিলের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হয়েছে। চাকিরপশার বিলের নাফাডাঙ্গা এলাকার প্রায় ১০০ একর জমিতে চাষ করা বোরো ধানসহ অন্যান্য ফসল পানির নিচে ডুবে গেছে। অনেক জমিতে ধান পাকার শেষ পর্যায়ে থাকায় কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন।
বিজ্ঞাপন
কৃষকরা জানান, চৈত্র মাসে এমন বৃষ্টি খুবই অস্বাভাবিক। তারা ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আকস্মিক বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় সব পরিকল্পনা ভেস্তে গেছে। নাফাডাঙ্গা এলাকার কৃষক আব্দুল কাদের বলেন,
“অনেক কষ্ট করে ঋণ নিয়ে জমিতে ধান লাগিয়েছিলাম। এখন সব পানির নিচে। যদি দ্রুত পানি না নামে, তাহলে পুরো ফসল নষ্ট হয়ে যাবে।”
আরেক কৃষক রফিকুল ইসলাম যোগ করেন, “চৈত্রের এই বৃষ্টি আমাদের জন্য বড় বিপদ হয়ে এসেছে। ফসল ঘরে তোলার সময় এমন বৃষ্টি আগে কখনও দেখিনি।”
বিজ্ঞাপন
স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করা হচ্ছে। মাঠপর্যায়ে কর্মকর্তারা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার সাথী বলেন, “প্রাথমিকভাবে প্রায় ১০০ একর জমি পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে কৃষকদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।”
বিজ্ঞাপন
কৃষকেরা আশঙ্কা করছেন, দ্রুত পানি নেমে না গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।








