রামেকে শোকের ছায়া: ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ৩ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৩ জন রোগী ভর্তি হয়েছেন, যা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্র জানায়, গত একদিনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন রোগী। বর্তমানে হাসপাতালে হামের লক্ষণ নিয়ে মোট ১৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শুরু থেকে এখন পর্যন্ত এ হাসপাতালে মোট ৪৫২ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।
হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, সাম্প্রতিক সময়ে হামের উপসর্গ নিয়ে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। পাশাপাশি যেকোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্টরা।
চিকিৎসকদের মতে, সময়মতো টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চললে হামের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বর্তমানে রোগীর চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।







