দেশজুড়ে ঘাতক হয়ে উঠছে হাম, ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিপুল সংখ্যক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে।
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এই ১০ শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৮ শিশু। এদের মধ্যে ১৮৯ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৩৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২১ শিশু।
এছাড়া, দেশে মোট শনাক্ত হওয়া হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৯ জনে। সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ২৪১ জন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে টিকাদান কার্যক্রমের ঘাটতি, সচেতনতার অভাব এবং মৌসুমি প্রভাব ভূমিকা রাখতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।








