রবিবার থেকে ৪ সিটিতে শুরু হচ্ছে হামের টিকাদান

দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশেষ টিকাদান কর্মসূচি আরও বিস্তৃত করা হয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল রবিবার থেকে চারটি সিটি কর্পোরেশন এলাকায় হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
বিজ্ঞাপন
এ পর্যায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, এসব নগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ৫ এপ্রিল থেকে দেশের বিভিন্ন এলাকায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। প্রাথমিকভাবে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কার্যক্রম চালু করা হয়। যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা গ্রহণের সুযোগ পাবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্বে টিকা নেওয়া থাকলেও নতুন এই ক্যাম্পেইনের আওতায় আবারও টিকা নেওয়া যাবে।
বিজ্ঞাপন
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। তবে সাপ্তাহিক ছুটির দিন এ কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, আগে ৩ মে থেকে সারা দেশে এই কর্মসূচি শুরুর পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকে দেশব্যাপী বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








