Logo

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৩ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৮:০৮
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৩ জন
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ পাওয়া গেছে আরও ৯৬৭ জনের।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই পরিসংখ্যান পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে সিলেট বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে একজন রয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে হাম এবং হামের উপসর্গে মোট ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৭৫১ জন।

বিজ্ঞাপন

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হওয়ায় এ বছর মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪০৮ জনে।

একই সময়ে ৯৬৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে হামের সন্দেহভাজন মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩১ হাজার ৫০ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকাদান, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে এ রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হাম-রুবেলা টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে রোগের বিস্তার রোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD