দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহজনক রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন আরও ৯৫৯ জন।
বিজ্ঞাপন
বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রস্তুত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এ সময়ে পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের মাধ্যমে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যায়নি।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ জনের।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২৪ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫। একই সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৯৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, সিলেটে ১১৯ জন, বরিশালে ১১৪ জন, খুলনায় ৬০ জন, ময়মনসিংহে ৩৭ জন, রাজশাহীতে ৩১ জন এবং রংপুর বিভাগে ১০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।







