২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৯৬ জন রোগী ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন দুইজনের মৃত্যু নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৩৬ জন। এ ছাড়া জুলাই মাসে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুইজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৯৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৮৬ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৯৭৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৩৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এই সময়ে ঢাকা বিভাগে ৩৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর খুলনা বিভাগে ২৬৩ জন, বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন এবং রাজশাহী বিভাগে ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।








