ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যবিপ্রবির শিক্ষার্থী আদিবার মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিবা সাহা মারা গেছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৪ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২১ বছর।
জানা যায়, গত ১৩ আগস্ট অসুস্থ হয়ে পড়লে আদিবাকে প্রথমে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। এরপর ঢাকার দুটি হাসপাতালে ১৬ থেকে ২৪ আগস্ট পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত সোমবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন আদিবা।
আদিবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করে আবেগঘন বিভিন্ন পোস্ট দেন সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক হাসান মো. নাভিদ আনজুম বলেন, আমাদের বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আদিবা সাহা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ রাত ৯টা ২৪ মিনিটে মৃত্যুবরণ করেছে। তার চিকিৎসায় রক্তদাতা ও আর্থিকভাবে যারা সহযোগিতা করে পাশে ছিলেন, সিডিএম পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আদিবার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আদিবার বিভাগের বড় ভাই মো. সজীব সরকার বলেন, আদিবার এমন অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। মাত্র ২১ বছর বয়সে এভাবে চলে যাবে, এটা আমরা কেউই মেনে নিতে পারছি না। সে ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সম্ভাবনাময় একজন শিক্ষার্থী। একজন ছোট বোনের মতো তাকে হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আমরা আদিবার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বিজ্ঞাপন
এদিকে আদিবা সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যবিপ্রবির সিডিএম বিভাগ। বিভাগের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।








