Logo

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট, ২০২৬, ১৫:৪৯
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭টি শিশু। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ মিলিয়ে এ সময়ে মোট ৯৪৩ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ শিশু হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৮৬ শিশু। একই সময়ে ৮৯০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সমান সংখ্যক ৮৯০ শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

বিজ্ঞাপন

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৫৭৮ জনের।

এ সময়ে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD