২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

দেশে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হামের উপসর্গ ও নিশ্চিত হাম নিয়ে আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষাগারে পরীক্ষা করে আরও ৬১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জনে। এর মধ্যে ২০ হাজার ৩৪৩ জনের শরীরে পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে দেশে হামের উপসর্গ নিয়ে অন্তত ৯৪৬ জন শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামরোগী মারা গেছেন ১০০ জন। অর্থাৎ সাত মাসে এই ভাইরাসে এবং উপসর্গ নিয়ে মৃত্যু এক হাজার ছাড়িয়েছে।
বিজ্ঞাপন
পরিসংখ্যান অনুযায়ী, এ সময় পর্যন্ত হাসপাতালে মোট ১ লাখ ৫৫ হাজার ৬০২ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।








