Logo

হামের ছোবল থামছে না, একদিনে প্রাণ গেল আরও ৬ শিশুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৪
হামের ছোবল থামছে না, একদিনে প্রাণ গেল আরও ৬ শিশুর
ছবি: সংগৃহীত

নানা উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হলেও দেশে হামের প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। প্রতিদিনই হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে মোট ১ হাজার ৬৩ শিশু।

বিজ্ঞাপন

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুইজন করে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও একজন করে দুই শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬৩ শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশুদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৯৬২ শিশু। অর্থাৎ মোট মৃত্যুর বড় একটি অংশই হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৬৪১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত এসব রোগীর মধ্যে নিশ্চিতভাবে ২০ হাজার ৬৪৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি রোগীদের মধ্যে হামের উপসর্গ থাকলেও তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়নি।

অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে উঠে আসা এসব তথ্য অনুযায়ী, দেশে হামের প্রাদুর্ভাব ও এর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। প্রতিদিন নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD