Logo

জরুরি পরিস্থিতিতে কমিউনিটি কর্মীদের সক্ষমতা বাড়াতে কর্মশালা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১২
জরুরি পরিস্থিতিতে কমিউনিটি কর্মীদের সক্ষমতা বাড়াতে কর্মশালা
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যজনিত জরুরি পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলায় কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকায় দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

২২ ও ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত কর্মশালাটির বিষয় ছিল ‘স্বাস্থ্যজনিত জরুরি ব্যবস্থাপনায় কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের ভূমিকা মূল্যায়ন’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি ও আর্থিক সহায়তায় কর্মশালাটি আয়োজন করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী কর্মশালাটির উদ্বোধন করেন। এতে সরকারি প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, বেসরকারি সংস্থা (এনজিও) এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কর্মশালায় বাংলাদেশের কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের আরও কার্যকর ও সমন্বিতভাবে কাজে লাগানোর জন্য একটি জাতীয় কাঠামো তৈরির বিষয়ে আলোচনা হয়। স্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে এ ধরনের কাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা।

এ সময় কমিউনিটি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও কাজের ক্ষেত্র নির্ধারণ, রিপোর্টিং ব্যবস্থা শক্তিশালী করা, প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, স্বাস্থ্যজনিত জরুরি পরিস্থিতির সূচনা অনেক সময় কমিউনিটি পর্যায়েই হয় এবং সেখানেই এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে। তাই স্বাস্থ্যঝুঁকি দ্রুত শনাক্ত করা, সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া, জনগণকে সম্পৃক্ত করা, প্রয়োজনীয় রেফারেল সেবা নিশ্চিত করা এবং সময়মতো জরুরি সাড়া দিতে শক্তিশালী ও সমন্বিত কমিউনিটি স্বাস্থ্যকর্মী নেটওয়ার্ক প্রয়োজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কর্মশালায় উঠে আসা সুপারিশগুলো জাতীয় কমিউনিটি স্বাস্থ্যকর্মী কাঠামো ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরিতে সহায়ক হবে বলে জানানো হয়। এর মাধ্যমে রোগের প্রাদুর্ভাব, জলবায়ুজনিত দুর্যোগ, প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত রোগসহ বিভিন্ন জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি আরও জোরদার করার সুযোগ তৈরি হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD