ডেঙ্গুর লক্ষণ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে প্রাথমিক লক্ষণগুলো তুলে ধরে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ডেঙ্গুর সাধারণ লক্ষণের মধ্যে উচ্চ জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, বমি এবং শরীরে ফুসকুড়ি থাকতে পারে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডব্লিউএইচও জানিয়েছে, এসব লক্ষণ দেখা দিলে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, সংক্রমণের সাধারণত ৪ থেকে ১০ দিনের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে এবং বেশির ভাগ ক্ষেত্রে ১ থেকে ২ সপ্তাহের মধ্যে রোগী সুস্থ হয়ে ওঠেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে দেশে ডেঙ্গু পরিস্থিতিতেও উদ্বেগজনক চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ২৩ সেপ্টেম্বরের ডেঙ্গু ড্যাশবোর্ড অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০১ এবং হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ৬৭ হাজার ৩৬৭।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২২ দিনেই ডেঙ্গুতে ১০৪ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের কোনো এক মাসের হিসাবে সর্বোচ্চ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডব্লিউএইচও জানিয়েছে, ডেঙ্গুর গুরুতর পর্যায়ে তীব্র পেটব্যথা, বারবার বমি, দ্রুত শ্বাস নেওয়া, মাড়ি বা নাক দিয়ে রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা এবং শরীর ফ্যাকাশে ও ঠান্ডা হয়ে যাওয়ার মতো সতর্কসংকেত দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।
ডেঙ্গুর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তবে দ্রুত শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসাসেবা গুরুতর ডেঙ্গুর ক্ষেত্রে মৃত্যুঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।








