দেশে হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫১ জনে। শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন করে এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৭২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন হাম আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনে।
একই সময়ে পরীক্ষায় আরও ৭৮ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৫৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।
হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা এবং নতুন সংক্রমণের তথ্য জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।








