Logo

এইচআইভি সংক্রমণে বাড়ছে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ততা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৩
এইচআইভি সংক্রমণে বাড়ছে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ততা
ছবি: সংগৃহীত

দেশে এক বছরে এইচআইভি শনাক্তের হার বেড়েছে ২২ শতাংশ। ২০২৬ সালে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে অর্ধেক পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম)। পাশাপাশি আক্রান্তদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। এসব পরীক্ষায় ২ হাজার ৩০৫ জনের শরীরে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়। আগের বছর নতুন শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯১। সেই হিসাবে এক বছরের ব্যবধানে শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ।

একই সময়ে এইচআইভি সংক্রমণে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৮৫ জন। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ২৫৪। অর্থাৎ মৃত্যুর সংখ্যাও আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি । নতুন শনাক্ত ব্যক্তিদের লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ৮৫ শতাংশ পুরুষ এবং ১৫ শতাংশ নারী। প্রতিবেদনে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের হার ১ শতাংশ উল্লেখ করা হয়েছে।

বয়সের হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত ২৫ থেকে ৪৯ বছর বয়সীরা। মোট শনাক্ত ব্যক্তিদের ৬১ শতাংশ এই বয়সসীমার অন্তর্ভুক্ত। অন্যদিকে ২০ থেকে ২৪ বছর বয়সীদের হার ২৪ শতাংশ। বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সের।

বৈবাহিক অবস্থার পরিসংখ্যানে বিবাহিত ও অবিবাহিত ব্যক্তির হার সমান, উভয় ক্ষেত্রেই ৪৮ শতাংশ। এ ছাড়া ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ বিচ্ছিন্ন বা একা বসবাসকারী।

সংক্রমণের ঝুঁকিতে বিশেষ জনগোষ্ঠী । স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম)। এ ছাড়া ১০ শতাংশ নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসডব্লিউ), ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য, ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী।

অন্যদিকে বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে ১১ শতাংশ সংক্রমণ শনাক্ত হয়েছে। সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এ হার ১৮ শতাংশ।

শনাক্তের পর চিকিৎসা শুরু করেছেন ৮৭.৮ শতাংশ।

এইচআইভি শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা শুরু করা সংক্রমণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে নতুন শনাক্ত হওয়া ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশ শনাক্ত হওয়ার পরপরই চিকিৎসাসেবা গ্রহণ শুরু করেছেন।

নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা এআরটি গ্রহণের মাধ্যমে শরীরে এইচআইভি ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। ভাইরাসের মাত্রা ধারাবাহিকভাবে শনাক্ত-অযোগ্য পর্যায়ে নামিয়ে আনতে পারলে যৌনসম্পর্কের মাধ্যমে অন্যের শরীরে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কার্যত থাকে না।

জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, গত বছরের তুলনায় এ বছর এইচআইভি শনাক্তের সংখ্যা প্রায় ২২ শতাংশ বেড়েছে। তবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শনাক্তের সংখ্যাও বেড়েছে। নতুন সংক্রমণ শনাক্তের সঙ্গে সামগ্রিকভাবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ কিছু জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে এমএসএম ও এমএসডব্লিউদের মধ্যে গত কয়েক বছর ধরে শনাক্তের হার বেশি। তাদের মধ্যে পরীক্ষার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। গত বছরও এ দুই জনগোষ্ঠীর মধ্যে শনাক্তের হার ছিল ৪৯ শতাংশ। এ বছর তা বেড়ে ৬০ শতাংশ হয়েছে। তাদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর গুরুত্বের সঙ্গে দেখছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বাংলাদেশে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১৬ হাজার ৬১৮ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। সে হিসাবে প্রায় ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে পরীক্ষার সুযোগ সম্প্রসারণ, দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসার আওতায় রাখা জরুরি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD