Logo

ছাঁটাই কর্মীদের আকর্ষণীয় বেতনসহ যেসব সুবিধা দিবে মাইক্রোসফট

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুলাই, ২০২৬, ১৪:২৬
ছাঁটাই কর্মীদের আকর্ষণীয় বেতনসহ যেসব সুবিধা দিবে মাইক্রোসফট
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাইয়ের আওতায় পড়া কর্মীদের জন্য আকর্ষণীয় বিচ্ছেদ-সুবিধা (সেভারেন্স প্যাকেজ) ঘোষণা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। নতুন এই প্যাকেজ অনুযায়ী, যোগ্য কর্মীরা চাকরি ছাড়ার পর সর্বোচ্চ ৩৯ সপ্তাহ পর্যন্ত মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। পাশাপাশি স্বাস্থ্যবিমা, শেয়ার ভেস্টিংসহ আরও কয়েকটি অতিরিক্ত সুবিধাও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়, যা তাদের মোট বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ২ দশমিক ১ শতাংশ। ব্যয় নিয়ন্ত্রণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় বিনিয়োগের পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত সেভারেন্স নীতিমালা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অধিকাংশ কর্মী প্রথমে ন্যূনতম ৬০ দিন কোম্পানির বেতনভুক্ত অবস্থায় থাকবেন। এরপর চাকরির মেয়াদ ও পদমর্যাদার ভিত্তিতে তারা অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন। অনেকের ক্ষেত্রে এই সুবিধা সর্বোচ্চ ৩৯ সপ্তাহের মূল বেতনের সমপরিমাণ হতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কোম্পানির অভ্যন্তরীণ গ্রেডিং অনুযায়ী, লেভেল ৬৪ বা তার নিচের কর্মীরা প্রতি ছয় মাস চাকরির বিপরীতে এক সপ্তাহের মূল বেতন পাবেন। আর লেভেল ৬৫ থেকে ৬৭–এর কর্মীরা প্রতি ছয় মাসের চাকরির জন্য দুই সপ্তাহের মূল বেতন পাবেন। উচ্চপদস্থ নির্বাহীদের (লেভেল ৬৮ বা তার বেশি) জন্য আলাদা সেভারেন্স কাঠামো নির্ধারণ করা হয়েছে।

শুধু আর্থিক সহায়তাই নয়, কর্মীদের জন্য আরও কিছু সুবিধাও রাখা হয়েছে। লেভেল ৬৭ বা তার নিচের কর্মীরা চাকরির মেয়াদের ওপর নির্ভর করে ছয় অথবা ১২ মাস পর্যন্ত নিয়মিত শেয়ার ভেস্টিংয়ের সুবিধা পাবেন। এছাড়া ছয় মাস পর্যন্ত কোম্পানির অর্থায়নে স্বাস্থ্যবিমা চালু থাকবে। এর পর আরও ১২ মাস নিজ খরচে COBRA স্বাস্থ্যবিমা সুবিধা চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

চলতি বছরের শুরুতে মাইক্রোসফট যে স্বেচ্ছা অবসর (Voluntary Retirement Program) কর্মসূচি চালু করেছিল, তার সঙ্গেও নতুন সেভারেন্স প্যাকেজের বেশ মিল রয়েছে। তবে বর্তমান ছাঁটাই কর্মসূচিতে স্বাস্থ্যবিমার মেয়াদ তুলনামূলকভাবে কিছুটা কম রাখা হয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, প্রতিষ্ঠানটি চলতি বছরে প্রায় ১৯০ বিলিয়ন ডলার মূলধনী বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে, যার বড় অংশ ব্যয় হবে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক অবকাঠামো গড়ে তোলার কাজে। সেই বিনিয়োগ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন বিভাগে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কোম্পানির সেলস এবং এক্সবক্স গেমিং বিভাগে। মাইক্রোসফটের প্রধান মানবসম্পদ কর্মকর্তা অ্যামি কোলম্যান কর্মীদের পাঠানো এক বার্তায় জানিয়েছেন, এই দুই বিভাগেই কর্মীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হচ্ছে। বিশেষ করে এক্সবক্স ইউনিটে জুন মাসের শেষ নাগাদ প্রায় ২০ শতাংশ কর্মী কমানোর পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় মাইক্রোসফটের সেভারেন্স প্যাকেজ তুলনামূলকভাবে উদার। উদাহরণ হিসেবে, সেলসফোর্স সাধারণত ন্যূনতম ৯ সপ্তাহ থেকে সর্বোচ্চ ৩০ সপ্তাহ পর্যন্ত মূল বেতন দেয়। ওরাকল ছাঁটাই হওয়া কর্মীদের চার সপ্তাহের মূল বেতনের পাশাপাশি চাকরির প্রতি অতিরিক্ত বছরের জন্য আরও এক সপ্তাহের বেতন দিয়ে থাকে, যা সর্বোচ্চ ২৬ সপ্তাহ পর্যন্ত সীমাবদ্ধ।

অন্যদিকে, মেটার সাম্প্রতিক সেভারেন্স প্যাকেজে চার মাস বা ১৬ সপ্তাহের মূল বেতনের পাশাপাশি টানা চাকরির প্রতি বছরের জন্য অতিরিক্ত দুই সপ্তাহের বেতন দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রযুক্তি খাতে ব্যয় সংকোচন এবং এআই-কেন্দ্রিক বিনিয়োগের প্রবণতা বাড়তে থাকায় বড় বড় প্রতিষ্ঠান একদিকে কর্মীসংখ্যা কমাচ্ছে, অন্যদিকে ছাঁটাই হওয়া কর্মীদের জন্য তুলনামূলক ভালো আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দিচ্ছে। মাইক্রোসফটের নতুন সেভারেন্স প্যাকেজ সেই ধারাবাহিকতারই একটি উল্লেখযোগ্য উদাহরণ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD