স্পেসএক্সএআই নিয়ে এলো নতুন প্রজন্মের এআই মডেল গ্রোক ৪.৫

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সএআই তাদের নতুন প্রজন্মের এআই মডেল গ্রোক ৪.৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী ও দক্ষ মডেল, যা কোডিং, সফটওয়্যার উন্নয়ন, গবেষণা, লেখালেখি এবং বিভিন্ন জ্ঞানভিত্তিক কাজ আরও দ্রুত ও কম খরচে সম্পন্ন করতে সক্ষম।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার কয়েক সপ্তাহ পর এটিই তাদের প্রথম বড় এআই মডেল উন্মোচন। বুধবার প্রকাশিত এক ব্লগ পোস্টে স্পেসএক্সএআই জানায়, নতুন মডেলটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি জটিল কোড লেখা, অ্যাপ তৈরি, অফিসভিত্তিক কাজ, গবেষণা পরিচালনা, নথি প্রস্তুত এবং অন্যান্য স্বয়ংক্রিয় জ্ঞাননির্ভর কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে।
স্পেসএক্সএআইয়ের দাবি, গ্রোক ৪.৫ বর্তমানের শীর্ষস্থানীয় অনেক এআই মডেলের তুলনায় প্রায় দ্বিগুণ টোকেন-দক্ষ (Token Efficient)। অর্থাৎ একই ধরনের কাজ কম টোকেন ব্যবহার করে সম্পন্ন করতে পারবে, ফলে ব্যবহারকারীদের খরচও কম হবে। বর্তমানে এআই ব্যবহারকারী ও ডেভেলপারদের জন্য টোকেন ব্যয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সেই দিক থেকে নতুন মডেলটি প্রতিযোগিতায় বাড়তি সুবিধা এনে দিতে পারে বলে প্রতিষ্ঠানটির ধারণা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মডেলটির সক্ষমতা তুলে ধরতে বিভিন্ন বেঞ্চমার্ক পরীক্ষার ফলও প্রকাশ করেছে স্পেসএক্সএআই। এসব ফলাফলে দেখা যায়, বিশেষ করে কোডিং, প্রকৌশল এবং প্রযুক্তিনির্ভর কাজের ক্ষেত্রে গ্রোক ৪.৫ প্রতিদ্বন্দ্বী অনেক মডেলের সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করতে সক্ষম। যদিও সব ধরনের মূল্যায়নে এটি শীর্ষস্থান অর্জন করেনি।
বিজ্ঞাপন
স্পেসএক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রোক ৪.৫–কে অ্যানথ্রপিকের ওপাস শ্রেণির মডেলের সঙ্গে তুলনা করেন। তিনি জানান, পরীক্ষামূলক ব্যবহারকারীদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর মডেলটি সবার জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাস্কের ভাষ্য, গ্রোক ৪.৫ জটিল ও শ্রমসাধ্য কাজ সম্পাদনে ওপাস-শ্রেণির সক্ষমতা ধরে রেখেছে, তবে এটি আরও দ্রুত কাজ করে, কম টোকেন ব্যবহার করে এবং পরিচালন ব্যয়ও তুলনামূলক কম। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মূল্যায়নে নতুন মডেলটি ওপাস ৪.৭–এর সমমানের পারফরম্যান্স দেখিয়েছে।
মূল্য নির্ধারণেও প্রতিযোগিতামূলক অবস্থান নিয়েছে স্পেসএক্সএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রোক ৪.৫ ব্যবহারে প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ২ মার্কিন ডলার এবং প্রতি ১০ লাখ আউটপুট টোকেনের জন্য ৬ মার্কিন ডলার খরচ হবে।
বিজ্ঞাপন
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের জিপিটি-৫.৬ সোল মডেলের মূল্য প্রতি ১০ লাখ ইনপুট টোকেনে ৫ ডলার এবং আউটপুট টোকেনে ৩০ ডলার। একই সিরিজের কম খরচের লুনা মডেলে ইনপুট টোকেনের মূল্য ১ ডলার এবং আউটপুট টোকেনের মূল্য ৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নতুন মডেল উন্মোচনের ব্যস্ত সময় চলছে। ওপেনএআইও সম্প্রতি তাদের জিপিটি-৫.৬ সিরিজের সোল, টেরা ও লুনা মডেল সীমিত পরিসরে নির্বাচিত অংশীদারদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, জিপিটি-৫.৬ সোল এখন পর্যন্ত তাদের সবচেয়ে উন্নত মডেল এবং এতে সাইবার নিরাপত্তাসহ উচ্চ ঝুঁকির বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন প্রজন্মের এআই মডেলগুলোর মধ্যে এখন শুধু সক্ষমতার নয়, বরং গতি, পরিচালন ব্যয় এবং ব্যবহারিক দক্ষতার প্রতিযোগিতাও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই প্রতিযোগিতায় গ্রোক ৪.৫ স্পেসএক্সএআইয়ের জন্য উল্লেখযোগ্য একটি সংযোজন হতে পারে।








