Logo

টাইমের এআই তালিকায় প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ১০০ প্রভাবশালী

profile picture
জনবাণী ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩৭
টাইমের এআই তালিকায় প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ১০০ প্রভাবশালী
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ, ব্যবহার ও ভবিষ্যৎ নির্ধারণে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি প্রভাব রাখা ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম। ‘টাইম১০০ এআই ২০২৬’ শীর্ষক এই তালিকায় প্রযুক্তি উদ্যোক্তা ও শীর্ষ নির্বাহীদের পাশাপাশি গবেষক, উদ্ভাবক, নীতিনির্ধারক, শ্রম অধিকারকর্মী এবং সৃজনশীল জগতের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এটি টাইমের চতুর্থ বার্ষিক এআই প্রভাবশালী ব্যক্তিদের তালিকা। এবারের ১০০ জনকে ‘লিডারস’, ‘ইনোভেটরস’, ‘শেপারস’ ও ‘থিঙ্কারস’—এই চারটি বিভাগে ভাগ করা হয়েছে।

নেতৃত্বে প্রযুক্তি ও এআই খাতের শীর্ষ ব্যক্তিরা

‘লিডারস’ বিভাগে জায়গা পেয়েছেন ওপেনএআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন, প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এবং প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান। একই বিভাগে রয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই ও ড্যানিয়েলা আমোদেই।

বিজ্ঞাপন

এ ছাড়া আইবিএমের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ কৃষ্ণ, গুগল ডিপমাইন্ডের প্রধান এআই প্রস্তুতি কর্মকর্তা লিলা ইব্রাহিম এবং বাইটড্যান্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়াং রুবোকেও এই বিভাগে রাখা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এআইয়ের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে ভূমিকা রাখা প্রযুক্তি নেতারাও ‘লিডারস’ তালিকায় রয়েছেন। তাদের মধ্যে আছেন ব্রডকমের প্রধান নির্বাহী হক ট্যান, ওরাকলের নির্বাহী চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ল্যারি এলিসন, কোরউইভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাইকেল ইন্ট্রাটর এবং এসএমআইসির সহপ্রধান নির্বাহী লিয়াং মং সং।

নতুন প্রযুক্তি ও ব্যবহারে উদ্ভাবকেরা

‘ইনোভেটরস’ বিভাগে এআইয়ের নতুন ব্যবহার এবং প্রযুক্তিগত পদ্ধতি নিয়ে কাজ করা ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন ওপেনএভিডেন্সের প্রতিষ্ঠাতা ড্যানিয়েল ন্যাডলার, কার্সরের প্রধান নির্বাহী মাইকেল ট্রুয়েল, মুনশট এআইয়ের প্রধান নির্বাহী ইয়াং ঝিলিন, ক্যালটেকের অধ্যাপক আনিমা আনন্দকুমার এবং সেরেব্রাস সিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যান্ড্রু ফেল্ডম্যান।

বিজ্ঞাপন

সৃজনশীল ক্ষেত্রেও এআইয়ের প্রভাব যে দ্রুত বাড়ছে, তা এবারের তালিকায় স্পষ্ট। ‘ইনোভেটরস’ বিভাগে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা বেন অ্যাফ্লেকের নাম রয়েছে। একই বিভাগে আছেন সুনোর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাইকি শুলম্যান এবং তারতিলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ মুসা।

এআই নীতি ও অংশগ্রহণে গুরুত্ব

‘শেপারস’ বিভাগে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের মহাসচিব ডোরিন বোগদান-মার্টিন। বিশ্বজুড়ে ডিজিটাল বৈষম্য কমানো এবং এআইয়ের উন্নয়ন প্রক্রিয়ায় বিভিন্ন দেশের মানুষের অংশগ্রহণ বাড়াতে তার ভূমিকার বিষয়টি তুলে ধরেছে টাইম।

বিজ্ঞাপন

এই বিভাগে রয়েছেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা জোসেফ গর্ডন-লেভিটও। এআই কীভাবে তৈরি ও ব্যবহৃত হবে, সেই প্রক্রিয়ায় শিল্পী ও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সৃজনশীল পেশাজীবীদের অধিকার রক্ষার পক্ষে কাজ করার জন্য তাকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

টাইমের সম্পাদক-ইন-চিফ স্যাম জ্যাকবস বলেন, এবারের তালিকা এমন একটি এআই বিশ্বের প্রতিচ্ছবি, যা ক্রমেই ‘বিস্ফোরক ও বিভাজনমূলক’ হয়ে উঠছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি এআই খাতের সাম্প্রতিক নানা ঘটনাকে এর উদাহরণ হিসেবে তুলে ধরেন। এর মধ্যে ইলন মাস্কের নেতৃত্বাধীন একটি শীর্ষ এআই কোম্পানিকে শেয়ারবাজারে নেওয়ার উদ্যোগ, অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইয়ের সঙ্গে পেন্টাগনের বিরোধ, ওরাকলের ল্যারি এলিসনের ডেটা সেন্টার নির্মাণে প্রতিযোগিতা এবং চীনা এআই মডেল নিয়ে ইয়াং ঝিলিনের অগ্রগতির মতো বিষয় রয়েছে।

চীনের এআই খাতেরও শক্তিশালী উপস্থিতি

বিজ্ঞাপন

এবারের তালিকায় চীনের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিনিধিত্বও উল্লেখযোগ্য। তালিকায় রয়েছেন বাইটড্যান্সের লিয়াং রুবো, আলিবাবার প্রধান নির্বাহী এডি উ, মুনশট এআইয়ের ইয়াং ঝিলিন, ঝিপুর প্রধান নির্বাহী ঝাং পেং, এজিবটের প্রধান নির্বাহী দেং তাইহুয়া এবং এসএমআইসির নির্বাহী লিয়াং মং সং।

টাইমের মূল্যায়ন অনুযায়ী, এআইয়ের দ্রুত অগ্রগতি এখন আর শুধু প্রযুক্তি খাতের মধ্যে সীমাবদ্ধ নেই। অর্থনীতি, নীতিনির্ধারণ, শ্রমবাজার এবং সৃজনশীল শিল্পেও এর প্রভাব ক্রমেই বিস্তৃত হচ্ছে। ফলে এআইয়ের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা নির্ধারণে প্রযুক্তিবিদদের পাশাপাশি নীতিনির্ধারক, গবেষক, শিল্পী ও অন্যান্য ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD