Logo

সবার নজর কাড়ছে ৯ ফুট দৈর্ঘ্যের রয়্যাল এনফিল্ড মোনার্ক

profile picture
জনবাণী ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ২০:১৪
সবার নজর কাড়ছে ৯ ফুট দৈর্ঘ্যের রয়্যাল এনফিল্ড মোনার্ক
রয়্যাল এনফিল্ড মোনার্ক | ছবি: সংগৃহীত

রয়্যাল এনফিল্ডের পরিচিত নকশা ও ভারী গড়নকে ছাড়িয়ে এবার ব্যতিক্রমী এক কাস্টম বাইক তৈরি করেছে ভারতের মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান মারাঠা মোটরসাইকেল। প্রায় ৯ ফুট দীর্ঘ এই মোটরসাইকেলের নাম রাখা হয়েছে ‘রয়্যাল এনফিল্ড মোনার্ক’। বিশাল আকৃতির পেছনের চাকা এবং নজরকাড়া নকশার কারণে বাইকটি ইতোমধ্যে কাস্টম মোটরসাইকেলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।

বিজ্ঞাপন

বাইকটি তৈরিতে ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে রয়্যাল এনফিল্ডের একসময়ের জনপ্রিয় ৫০০ সিসির মডেল। এতে ব্যবহার করা হয়েছে একই সক্ষমতার ইঞ্জিন। তবে ইঞ্জিনটি ক্লাসিক ৫০০, নাকি বুলেট ৫০০ মডেল থেকে নেওয়া হয়েছে, তা নির্মাতা প্রতিষ্ঠান স্পষ্ট করেনি। ইঞ্জিনে কোনো কারিগরি পরিবর্তন আনা হয়েছে কি না, কিংবা এর সর্বোচ্চ শক্তি ও টর্ক কত, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মোনার্কের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এর অস্বাভাবিক বড় পেছনের চাকা। এতে বসানো হয়েছে ৩১০/৩৫ সেকশনের R18 টায়ার। এত বড় চাকা যুক্ত করতে বাইকটির ফ্রেম ও চ্যাসিসে বিশেষ পরিবর্তন আনতে হয়েছে। সামনের চাকায় রয়েছে ১২০/৭০ সেকশনের R23 টায়ার। নির্মাতাদের দেওয়া তথ্য অনুযায়ী, মোটরসাইকেলটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট।

চাকার পাশাপাশি বাইকটির সাসপেনশন ব্যবস্থাতেও রয়েছে বিশেষত্ব। সামনে ব্যবহার করা হয়েছে কাস্টম সাসপেনশন এবং পেছনে রয়েছে ডুয়াল মোনোশক ব্যবস্থা। বড় আকারের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন যন্ত্রাংশ ও বডির নকশাও নতুন করে তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

মোনার্কের জ্বালানি ট্যাংক, ট্যাংক ক্যাপ, সাইড প্যানেল এবং পেছনের ফেন্ডারের মতো গুরুত্বপূর্ণ অংশ হাতে তৈরি। এর সঙ্গে যুক্ত করা হয়েছে কাস্টম গ্রিপ, ক্রোমের ফুটপেগ ও লিভার এবং এলইডি বার-এন্ড ইন্ডিকেটর। সামনে ও পেছনে আলোর জন্য রয়েছে এলইডি হেডলাইট ও টেললাইট। ব্রেকিং ব্যবস্থায় নিরাপত্তার জন্য রাখা হয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক।

বাহ্যিক সাজসজ্জায় বাইকটিকে দেওয়া হয়েছে পার্ল ব্ল্যাক ও মেটালিক রেডের সমন্বয়। বডিতে সিলভারের ছোঁয়ার পাশাপাশি যুক্ত করা হয়েছে সোনালি পাতার নকশা, যা এর বিশেষত্ব আরও বাড়িয়েছে। নির্মাতাদের দাবি, মোনার্কের নকশা তৈরি থেকে শুরু করে সম্পূর্ণ নির্মাণকাজ শেষ করতে কয়েক হাজার ঘণ্টা সময় ব্যয় হয়েছে।

সব মিলিয়ে, প্রচলিত রয়্যাল এনফিল্ডের নকশা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ ভিন্ন অবয়ব পেয়েছে মোনার্ক। প্রায় ৯ ফুট দৈর্ঘ্য, বিশাল পেছনের চাকা এবং হাতে তৈরি বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে এটি কাস্টম মোটরসাইকেলের জগতে আলাদা পরিচিতি তৈরি করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD