Logo

ভারতীয় রুপির দাম বেড়ে ৭ মাসের সর্বোচ্চ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬, ২০:৪৯
ভারতীয় রুপির দাম বেড়ে ৭ মাসের সর্বোচ্চ
ছবি: সংগৃহীত

বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও শেয়ারবাজারের ইতিবাচক পরিস্থিতির প্রভাবে মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে ভারতীয় রুপি। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় প্রতি ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়ায় ৯৩ দশমিক ৫২। আগের দিনের তুলনায় এর মান বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। গত এপ্রিলের পর এটিই রুপির সর্বোচ্চ অবস্থান।

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারে প্রযুক্তি খাতের শেয়ারে বিক্রির চাপ ও অস্থিরতা থাকলেও ভারতের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বিশেষ করে গত দুই সপ্তাহে বিদেশি বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য অর্থলগ্নি রুপির মান বাড়াতে ভূমিকা রেখেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে আসাও ভারতীয় মুদ্রার জন্য সহায়ক হয়েছে।

বাজারসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, বৈশ্বিক পরিস্থিতির অনুকূল প্রভাব এবং দৈনিক রেফারেন্স রেটে ডলার বিক্রির প্রবণতা বাড়ায় রুপির বিনিময় হার ঊর্ধ্বমুখী হয়েছে। একটি বেসরকারি ব্যাংকের এক ট্রেডার জানান, বর্তমান বাজার মূলধনের প্রবাহের প্রতি বেশ সংবেদনশীল। ডলার-রুপির বিনিময় হারে সামান্য পরিবর্তন হলেই ডলার বিক্রির চাপ তৈরি হচ্ছে।

এদিকে আগামী মাসে ভারতের রিজার্ভ ব্যাংক (আরবিআই) ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি পর্যালোচনার দিকে নজর রাখছেন বিনিয়োগকারী ও বিশ্লেষকেরা। উভয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে বলে বাজারে আলোচনা রয়েছে। এমনকি ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত হার বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

ইউবিএসের বিশ্লেষকদের ধারণা, আরবিআই ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাসে ২৫ বেসিস পয়েন্ট করে সুদের হার বাড়াতে পারে। এতে দেশটির রেপো রেট বেড়ে ৬ শতাংশে পৌঁছাতে পারে। প্রায় চার বছরের বিরতির পর গত অক্টোবরে প্রথমবারের মতো সুদের হার বাড়িয়েছিল ভারতের কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র: রয়টার্স

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD