Logo

কিনতে চেয়েছিল সার্কাসদল, সেই গণেশ এখন এমবিবিএস ডাক্তার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ ডিসেম্বর, ২০২৫, ১৮:২৬
কিনতে চেয়েছিল সার্কাসদল, সেই গণেশ এখন এমবিবিএস ডাক্তার
ছবি: সংগৃহীত

হাসপাতালের সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ, গুজরাটের ভাবনগরের স্যার টি জেনারেল হাসপাতালের ট্রমা সেন্টারে দায়িত্ব পালন করছেন ২৫ বছর বয়সী গণেশ বরইয়া।

বিজ্ঞাপন

তার উচ্চতা মাত্র ৩ ফুট, শরীরে রয়েছে ৭২ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা। তবুও তিনি এখন একজন এমবিবিএস চিকিৎসক।

গণেশের জন্ম গুজরাটের ভাবনগর জেলার গোরখি গ্রামের একটি দরিদ্র কৃষক পরিবারে। তিনি পরিবারের অষ্টম সন্তান ও একমাত্র পুত্র। জন্ম থেকেই গ্রোথ হরমোনের ঘাটতির কারণে শারীরিকভাবে খাটো ছিলেন এবং চলাফেরায় সমস্যায় ভুগেছেন।

বিজ্ঞাপন

শৈশবে তার জীবনে এক ভয়ংকর অভিজ্ঞতা আসে, যখন একটি সার্কাস দল তাকে পাঁচ লাখ টাকায় কিনে নিতে চেয়েছিল। তারা তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে, সার্কাস ছাড়া গণেশের ভবিষ্যৎ নেই। কিন্তু তার বাবা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং সন্তানকে আগলে রাখেন।

ছোট বয়স থেকেই গণেশ বুঝে যান, শারীরিক সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করেই জীবন এগিয়ে নিতে হবে। স্বপ্ন দেখেন মানুষের পাশে দাঁড়ানোর। সেই লক্ষ্যেই ২০১৮ সালে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত কোটায় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন।

তবে পথটা সহজ ছিল না। শুরুতে তৎকালীন মেডিক্যাল কাউন্সিল তার ভর্তিতে আপত্তি তোলে, মামলাও গড়ায় আদালতে। প্রথমে হাইকোর্টে হতাশা আসলেও পরে তার স্কুলের চিকিৎসক পরিচালক দলপৎ কাটারিয়ার উদ্যোগে মামলা সুপ্রিম কোর্টে যায়, যেখানে গণেশের পক্ষে রায় আসে।

বিজ্ঞাপন

এরপর ভাবনগর মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে পড়াশোনাও সহজ হয়নি। পরীক্ষায় সময়ের অভাবে প্রথমদিকে সমস্যায় পড়েন। পরে বিশেষ ব্যবস্থায় তাঁকে লেখার জন্য ‘রাইটার’ দেওয়া হয় এবং অতিরিক্ত সময়ের সুবিধা দেওয়া হয়। এরপর আর থামেননি এমবিবিএস সফলভাবে শেষ করেন।

বর্তমানে তিনি ভাবনগর জেনারেল হাসপাতালে ‘বন্ডেড মেডিক্যাল অফিসার’ হিসেবে নিয়োগ পেয়েছেন। সহপাঠী ও শিক্ষকদের অকৃত্রিম সহযোগিতাই তাঁর এই সাফল্যের সবচেয়ে বড় শক্তি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ভবিষ্যতে তিনি অস্ত্রোপচারের মতো উচ্চঝুঁকিপূর্ণ কাজে না গিয়ে উচ্চতর পড়াশোনা ও অন্য কোনো বিশেষায়িত শাখায় কাজ করতে চান।

সূত্র: আনন্দবাজার

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD