Logo

আজ থাইল্যান্ডে সংসদ নির্বাচন, সংবিধান নিয়ে হবে গণভোট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১০
আজ  থাইল্যান্ডে সংসদ নির্বাচন, সংবিধান নিয়ে হবে গণভোট
ছবি: সংগৃহীত

পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোটেও ভোট দিচ্ছেন দেশটির নাগরিকরা। ইতোমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

থাইল্যান্ডে নির্ধারিত সময়ের আগেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের চার বছর মেয়াদে সংসদের নিম্নকক্ষে থাকার কথা ছিল। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ নির্বাচন ডাকা হয়।

২০২৫ সালের মে মাসে প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় কম্বোডিয়ার হামলায় এক থাই সেনা নিহত হন।

বিজ্ঞাপন

এর পর জুন মাসে পরিস্থিতি সামাল দিতে তৎকালীন প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার সরকারপ্রধান হুন সেনের সঙ্গে ফোনে কথা বলেন। ওই ফোনালাপে হুন সেনকে ‘আংকেল’ সম্বোধন করা এবং নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনার বিষয়টি ফাঁস হয়ে গেলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

এই ফোনালাপ প্রকাশের জেরে সিনাওয়াত্রার নেতৃত্বাধীন ফিউ থাই পার্টির প্রধান শরিক ভূমজাইথাই পার্টি জোট ছাড়ার ঘোষণা দেয়। ফলে সরকার দুর্বল হয়ে পড়ে এবং অল্প ব্যবধানে টিকে ছিল।

২০২৫ সালের আগস্টে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত রায় দেন, প্রধানমন্ত্রী নৈতিকতা লঙ্ঘন করেছেন। এতে তার প্রধানমন্ত্রিত্ব বাতিল হয়।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে সেপ্টেম্বর মাসে সংসদের দ্বিতীয় বৃহৎ দল ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল পোগ্রেসিভ পিপলস পার্টির সঙ্গে জোট গঠন করে প্রধানমন্ত্রী হন। তবে শর্ত ছিল সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন আয়োজন করতে হবে।

ডিসেম্বর ২০২৫ সালে সেই শর্ত অনুযায়ী সংসদ ভেঙে দেওয়া হলে নতুন সাধারণ নির্বাচনের পথ উন্মুক্ত হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD