তরুণীকে আটকে রেখে যৌন নির্যাতন, গ্রেফতার ইউটিউবার

এক তরুণীকে বাড়িতে আটকে রেখে যৌন ও মানসিক নির্যাতনের অভিযোগে ভারতের কলকাতার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার শমীক অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্তকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ ফেব্রুয়ারি রাত থেকে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত ভুক্তভোগী তরুণীকে ফ্ল্যাটে আটকে রাখেন শমীক। মারধরের পাশাপাশি তাকে একাধিকবার ধর্ষণও করেন, এমন অভিযোগ তরুণীর।
এ ঘটনায় গত ৪ ফেব্রুয়ারি শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগ (জিডি) করেন তরুণী। পরে ৫ ফেব্রুয়ারি তার অভিযোগের ভিত্তিতে বেহালা থানায় শমীকের বিরুদ্ধে মামলার প্রথম পদক্ষেপ এফআইআর করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১২৭ (২), ৭, ৪ এবং ৩৫১ (২) ধারায় মামলা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে থানায় এফআইআর দায়েরের খবরে বাবা মাকে নিয়ে নিখোঁজ হন ইউটিউবার। এরপর পুলিশের চিরুনি অভিযানে তাকে দমদম থেকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভারতের আলিপুর আদালতে শমীককে পেশ করা হলে শুনানিতে ভুক্তভোগীর সারা শরীরে একাধিক ক্ষতচিহ্ন পান আদালত। শমীকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য থাকায় তাকে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
ভুক্তভোগী তরুণী শমীক অধিকারীর পূর্ব পরিচিত (বান্ধবী)। এ ঘটনার প্রকৃত সত্য খুঁজে পেতে থানায় ইনফ্লুয়েন্সারকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এদিকে ভুক্তভোগী তরুণীও আদালতে গোপন জবানবন্দি দিতে রাজি হয়েছেন।








