তীব্র উত্তেজনার মধ্যেই উপসাগরে বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান

উপসাগরীয় জলসীমায় জ্বালানি পাচারের অভিযোগে দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ট্যাঙ্কার দুটিতে বিদেশি নাবিক ছিলেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ইরানের উপকূলসংলগ্ন জলসীমায় অভিযান চালিয়ে ট্যাঙ্কার দুটি আটক করা হয়। সামরিক বাহিনীর দাবি, এসব জাহাজে করে অবৈধভাবে জ্বালানি পরিবহন করা হচ্ছিল।
তাৎক্ষণিকভাবে ট্যাঙ্কার দুটির পতাকা কিংবা নাবিকদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে ইরানি কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তদন্তাধীন।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়, আটক জাহাজ দুটিতে ১০ লাখ লিটারেরও বেশি পাচার হওয়া জ্বালানি ছিল। ট্যাঙ্কার দুটির ১৫ জন বিদেশি নাবিককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইরানের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি এমন সময় ঘটল, যখন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন নিয়ে অঞ্চলজুড়ে উত্তেজনা চলছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
বিজ্ঞাপন
আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে ব্যাপক প্রাণহানির অভিযোগ তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তাদের দাবি, বিক্ষোভ সংশ্লিষ্ট ঘটনায় পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
এদিকে তেহরানের পরিস্থিতি এবং ইরানকে পারমাণবিক চুক্তি মানার বিষয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের জেরে ওয়াশিংটন ওই অঞ্চলে একটি নৌবহর মোতায়েন করেছে। এমন উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে উপসাগরে বিদেশি ট্যাঙ্কার জব্দের ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।
সূত্র: এএফপি, রয়টার্স।








