Logo

কুদস ফোর্সের আন্ডারকাভার প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ২০:১৮
কুদস ফোর্সের আন্ডারকাভার প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
ছবি: সংগৃহীত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিদেশি শাখা কুদ্স ফোর্সের আন্ডারকাভার ইউনিটের প্রধান আসগর বাকেরিকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র নাদাভ শোহানি এই তথ্য জানিয়েছেন। ইরান এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

ইসরায়েলি সামরিক সূত্রে বলা হয়েছে, বাকেরি ইসরায়েলি ও আমেরিকান লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন। এছাড়া তিনি ইসরায়েল, সিরিয়া ও লেবাননে বিভিন্ন অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন।

কুদ্স ফোর্স ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি শাখা, যা বিদেশে অপ্রচলিত যুদ্ধ ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। বিভিন্ন দেশের শিয়া মিলিশিয়া ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ, অর্থায়ন ও সহায়তা প্রদান করে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি আইআরজিসি গঠন করেন। তথ্য অনুযায়ী, আইআরজিসির সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ২৫ হাজার। কুদ্স ফোর্স লেবাননের হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া, আফগানিস্তান ও ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় রেখেছে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার তেহরানে ইসরায়েলি বিমান হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি নিহত হয়েছেন। খাদেমি ২০২৫ সালে জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন। তার আগে তিনি গার্ডস ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশনের প্রধান ছিলেন।

২৮ ফেব্রুয়ারি থেকে চলা সংঘাতের মধ্যে ইসরায়েলি ও মার্কিন হামলায় শীর্ষ ইরানি নেতা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের দীর্ঘ তালিকায় বাকেরি ও খাদেমির নামও যুক্ত হয়েছে। যুদ্ধের ৩৮তম দিনে ইরানি রাজধানী তেহরানে ২৫ জনেরও বেশি নিহত হন, যার মধ্যে ‘সাউথ পার্স’ গ্যাস স্থাপনায় ইসরায়েলি ও মার্কিন বাহিনীর বিমান হামলার পর তেহরান প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

বিজ্ঞাপন

সূত্র: এপি, রয়টার্স

জেবি/জেএইচআর/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD