নিজ নাগরিকদের ইরান ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ইরানে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস এ সতর্কতা জারি করে।
বিজ্ঞাপন
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ইরানে বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন সড়ক বন্ধ রয়েছে, গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং ইন্টারনেট সংযোগে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
একই সঙ্গে মোবাইল ফোন, ল্যান্ডলাইন ও জাতীয় ইন্টারনেট সেবার ওপর বিধিনিষেধ অব্যাহত রয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি বিমান সংস্থা ইরানে ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে।
বিজ্ঞাপন
এ অবস্থায় মার্কিন নাগরিকদের বিকল্প যোগাযোগ ব্যবস্থার প্রস্তুতি নিতে এবং সম্ভব হলে স্থলপথে ইরান থেকে আর্মেনিয়া বা তুরস্কে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান ছাড়ার ক্ষেত্রে এমন পরিকল্পনা করতে হবে যাতে মার্কিন সরকারের সহায়তার ওপর নির্ভর করতে না হয়। অল্প সময়ের নোটিশে ফ্লাইট বাতিল হতে পারে, তাই ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
যারা তাৎক্ষণিকভাবে ইরান ছাড়তে পারবেন না, তাদের নিরাপদ কোনো স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধ ও জরুরি সামগ্রী সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া বিক্ষোভ বা আন্দোলন চলমান এলাকা এড়িয়ে চলা, ব্যক্তিগত পরিচয় গোপন রাখা, দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে ইরানের পাসপোর্ট ব্যবহার করা, মোবাইল ফোনে পর্যাপ্ত চার্জ রাখা এবং স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য নিয়মিত অনুসরণ করার কথাও বলা হয়েছে।
ভার্চ্যুয়াল দূতাবাস আরও সতর্ক করে জানায়, ইরান সরকার দ্বৈত নাগরিকদের ইরানি নাগরিক হিসেবেই বিবেচনা করে। ফলে কেউ যদি মার্কিন পাসপোর্ট দেখিয়ে দেশ ছাড়ার চেষ্টা করে, তাহলে নিরাপত্তা বাহিনী তাকে আটক করতে পারে।
বিজ্ঞাপন
বর্তমান পরিস্থিতিতে যারা ইরান ত্যাগ করতে চান, তাদের নিজ উদ্যোগেই দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ এই মুহূর্তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।








