হজের ভিসা দেওয়া শুরু করল সৌদি আরব

২০২৬ সালের হজ মৌসুম (১৪৪৭ হিজরি) উপলক্ষে আজ রবিবার থেকে হজ ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব। হাজিদের আগমনের আগে সেবার প্রস্তুতি জোরদার এবং প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩০ হাজার হজযাত্রী নিজ নিজ দেশ থেকেই সরাসরি হজ প্যাকেজ বুক করেছেন। বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবা ও চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসন সংক্রান্ত সব চুক্তিও সম্পন্ন হয়েছে।
এদিকে বাংলাদেশ থেকে ২০২৬ সালের হজে অংশ নিতে নিবন্ধনকারী সরকারি ও বেসরকারি সব হজযাত্রীকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা গ্রহণ শেষে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ফিটনেস সনদসহ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে হজ ভিসার জন্য আবেদন করতে হবে।
বিজ্ঞাপন
ধর্ম মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে অংশ নিতে পারবেন না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজযাত্রীদের পরিবহনের জন্য হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে ১৮ এপ্রিল থেকে।
বিজ্ঞাপন








