পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার পথে জাপানের ক্ষমতাসীন জোট

জাপানের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে দেশটির ক্ষমতাসীন দল। বিভিন্ন গণমাধ্যমের জরিপে এমন ইঙ্গিত পাওয়া গেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীল জোট বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
জরিপ শেষ হওয়ার পর জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের পূর্বাভাসে বলা হয়েছে, ৪৬৫ সদস্যের নিম্নকক্ষের মধ্যে তাকাইচির নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এককভাবে ২৭৪ থেকে ৩২৮টি আসনে জয় পেতে পারে।
এনএইচকের তথ্য অনুযায়ী, জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টিকে সঙ্গে নিয়ে ক্ষমতাসীন জোটের মোট আসনসংখ্যা দাঁড়াতে পারে ৩০২ থেকে ৩৬৬টির মধ্যে। ৩১০ বা তার বেশি আসন পেলে ২০১৭ সালের নির্বাচনের পর প্রথমবারের মতো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এই রাজনৈতিক জোট।
বিজ্ঞাপন
নতুন ম্যান্ডেট নিয়ে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, কঠোর অভিবাসন নীতি এবং উচ্চাভিলাষী বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে তাকাইচির। ৬৪ বছর বয়সী এই নেতা জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। গত অক্টোবরে দলের নেতৃত্বে নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
‘কাজ, কাজ, কাজ’ স্লোগানে নির্বাচনী প্রচার চালানো এই কট্টর রক্ষণশীল নেত্রীর দৃঢ় অবস্থান বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি আগেই ঘোষণা দিয়েছেন, এলডিপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।








