ট্রাম্পের বোর্ড অব পিসের সদস্যপদ প্রত্যাখ্যান করল মেক্সিকো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন ও প্রশাসন তদারকির জন্য ‘বোর্ড অব পিস’ নামের একটি আন্তঃদেশীয় পরিষদ গঠন করেছেন। বিভিন্ন দেশকে পূর্ণ সদস্যপদের জন্য আমন্ত্রণ জানানো হলেও মেক্সিকো সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে।
বিজ্ঞাপন
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, “মেক্সিকো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তাই বোর্ড অব পিসে ফিলিস্তিনি প্রতিনিধিত্বের পরিমাণ যথেষ্ট হওয়া উচিত ছিল। কিন্তু পরিকল্পনায় তা দেখা যায়নি। এজন্য আমরা পূর্ণ সদস্যপদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি।”
তিনি আরও বলেন, “মেক্সিকো বোর্ড অব পিসে পরিদর্শক হিসেবে থাকবে। জাতিসংঘে আমাদের দূত এই দায়িত্ব পালন করবেন।”
বিজ্ঞাপন
ট্রাম্প ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ২০ পয়েন্টের একটি পরিকল্পনা উপস্থাপন করেন। ইসরায়েল ও হামাস উভয়ই এই পরিকল্পনায় সম্মত হন এবং ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে এটি কার্যকর হয়। পরিকল্পনার আওতায় গাজার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অনির্বাচিত টেকনোক্র্যাট সরকার গঠন এবং নিরাপত্তার জন্য আন্তর্জাতিক বাহিনী ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ)’ গঠন করা হবে।
‘বোর্ড অব পিস’ গাজার টেকনোক্র্যাট সরকার ও আইএসএফের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। ট্রাম্প বিভিন্ন দেশকে এই বোর্ডে সদস্য হিসেবে আমন্ত্রণ জানান এবং প্রতিটি দেশকে ১০০ কোটি ডলার করে চাঁদা প্রদানের শর্ত দেন। ইতিমধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ বোর্ডে যোগ দিয়েছে। ১৯ জানুয়ারি ওয়াশিংটনে বোর্ড অব পিসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।








