কাতার ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে কাতার ও বাহরাইনের দিকেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে হামলার পাশাপাশি এ দুই দেশেও মিসাইল নিক্ষেপের খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ইরানি ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অন্যতম বৃহৎ ঘাঁটি হিসেবে পরিচিত।
অন্যদিকে বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই হামলার চেষ্টা চালানো হয়। তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও, সেটি ঠিক কী ধরনের ছিল তা স্পষ্ট করেনি।








