প্রেসিডেন্টকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করল ইরান

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে তিন সদস্যের ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করেছে ইরান। দেশটির সরকারি বার্তাসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি–এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
বিজ্ঞাপন
অস্থায়ী পরিষদের অপর দুই সদস্য হলেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই এবং প্রভাবশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিল–এর একজন জ্যেষ্ঠ আলেম।
গত ২৮ ফেব্রুয়ারি শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, খামেনি নিহত হয়েছেন। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
রোববার বাংলাদেশ সময় সকালে ইরান সরকারিভাবে খামেনির মৃত্যুর বিষয়টি স্বীকার করে।
৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘদিন ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। দেশটির সামরিক, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার প্রভাব ছিল ব্যাপক। কার্যত তার দিকনির্দেশনাতেই রাষ্ট্র পরিচালিত হতো।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রণীত সংবিধানে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’-এর বিধান রয়েছে। সংবিধানের ১১১ নম্বর ধারা অনুযায়ী, সর্বোচ্চ ধর্মীয় নেতা মৃত্যুবরণ করলে বা দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশের নির্বাহী দায়িত্ব অস্থায়ী নেতৃত্ব পরিষদের হাতে ন্যস্ত থাকবে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








