Logo

ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন ও খেলার মাঠে বিমান হামলা, নিহত অন্তত ২০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ, ২০২৬, ১৫:০১
ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন ও খেলার মাঠে বিমান হামলা, নিহত অন্তত ২০
ছবি: সংগৃহীত

ইরানের শিরাজ শহরের উপশহর জিবাশহরে একটি অ্যাম্বুলেন্স স্টেশন ও তার পাশের খেলার মাঠ লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সংঘটিত এ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও প্রায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের ফার্স নিউজ এজেন্সি।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাটি সরাসরি একটি অ্যাম্বুলেন্স স্টেশনে আঘাত হানে। এতে দায়িত্ব পালনরত অবস্থায় দুইজন স্বাস্থ্যকর্মী, যারা অ্যাম্বুলেন্স পার্সোনেল হিসেবে কর্মরত ছিলেন, প্রাণ হারান।

অ্যাম্বুলেন্স স্টেশনটির পাশেই একটি খেলার মাঠ থাকায় হতাহতদের মধ্যে শিশু ও সাধারণ পথচারীর সংখ্যাও বেশি বলে জানা গেছে। হামলার সময় ওই এলাকায় মানুষজন উপস্থিত থাকায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়ে।

বিজ্ঞাপন

আহত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযানের শুরুর দিকে রাজধানী তেহরানে বি-২ বোমারু বিমানের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ঘটনার পর ইসরায়েল দাবি করেছে, হামলাটি আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ ছিল।

বিজ্ঞাপন

রেড ক্রিসেন্টের হিসাব অনুযায়ী, দেশজুড়ে নিহতের সংখ্যা ইতোমধ্যে ৭৮০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মিনাবের স্কুলে ১৬৫ ছাত্রী এবং এখন শিরাজে ২০ জনের মৃত্যু আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর জবাবে ইসরায়েল এবং বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রেখেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD