Logo

নেপালের নির্বাচনে এগিয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ, ২০২৬, ১৬:৫৯
নেপালের নির্বাচনে এগিয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি
ছবি: সংগৃহীত

নেপালের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা এবং ২০২৫ সালে সংঘটিত রক্তক্ষয়ী ‘জেনারেশন জেড’ অভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, নতুন রাজনৈতিক শক্তি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ মার্চ) দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিনিধি সভার প্রত্যক্ষ ভোটের লড়াইয়ে আরএসপি চমকপ্রদ সাফল্য দেখাচ্ছে। প্রাথমিক ফলাফলে দলটি ৯০টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে নেপালি কংগ্রেস ৯টি, সিপিএন–ইউএমএল ৮টি, নেপালি কমিউনিস্ট পার্টি ৭টি এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে আছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের মুখপাত্র প্রকাশ নিউপানে জানান, পাহাড়ি এলাকা থেকে শুরু করে তরাই অঞ্চল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে। এবারের নির্বাচনে মোট ভোটারের প্রায় ৫৯ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিজ্ঞাপন

এদিকে ঝাপা–৫ আসনের ফলাফলের দিকে বিশেষ নজর রয়েছে সবার। এই আসনে দীর্ঘদিনের প্রভাবশালী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাঠমান্ডুর সাবেক মেয়র এবং জনপ্রিয় র‍্যাপার বলেন্দ্র শাহ (বালেন)। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে অলির চেয়ে এগিয়ে আছেন বালেন শাহ, যা দেশটির পুরোনো রাজনৈতিক দলগুলোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দুর্নীতি, বেকারত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নেপালে তীব্র আন্দোলন শুরু হয়। সে সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৭৭ জন নিহত হন। পরে আন্দোলনের চাপের মুখে তৎকালীন সরকার পদত্যাগ করলে সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD