‘বিশ্ববাজারে তেলের ঘাটতি নেই, সংকটের আশঙ্কা বাড়িয়ে বলা হচ্ছে’

আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেলের কোনো ঘাটতি নেই এবং সংকটের আশঙ্কা অনেকটা অতিরঞ্জিত করা হচ্ছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল এ মন্তব্য করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) ব্রাসেলস-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় কিছু ‘লজিস্টিক্যাল বিঘ্ন’ তৈরি হয়েছে। তবে বৈশ্বিক বাজারে এখনো বিপুল পরিমাণ তেল মজুত রয়েছে।
জরুরি তেল মজুত বাজারে ছাড়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে বিরোল জানান, সব ধরনের বিকল্পই বিবেচনায় রাখা হয়েছে। তবে এই মুহূর্তে সমন্বিতভাবে মজুত তেল ছাড়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি মূলত সাময়িক সরবরাহজনিত সমস্যার কারণে তৈরি হয়েছে, যা একটি লজিস্টিক্যাল বিঘ্নের ফল।
এদিকে ইরান-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সামরিক উত্তেজনা এবং এর জবাবে উপসাগরীয় অঞ্চলে তেহরানের পাল্টা পদক্ষেপের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে গেছে। এতে বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
তবে তেল ও গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখনো আনুষ্ঠানিকভাবে বন্ধ করেনি ইরান। যদিও দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক জেনারেল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা ধ্বংস করে দেওয়া হবে।
আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় জেনারেল সরদার জব্বারি দাবি করেন, তেলের পাইপলাইনেও হামলা চালানো হতে পারে এবং অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেওয়া হবে না। তার ভাষ্য অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে।
এই হুমকির পর বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাস পরিবহন হওয়া এই নৌপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
বিজ্ঞাপন
অন্যদিকে সপ্তাহের শুরুতে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরও আন্তর্জাতিক বাজারে তেলের দাম উচ্চ পর্যায়েই অবস্থান করছে।
আরও পড়ুন: গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প
প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরু হওয়ার আগের দিন ২৭ ফেব্রুয়ারির পর থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় এক-পঞ্চমাংশ বেড়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ১৯৭৩ সালের বৈশ্বিক তেল সংকটের পর বড় ধরনের জ্বালানি সরবরাহ বিঘ্ন মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) গঠন করা হয়।
সূত্র: এএফপি








