ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর

মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে প্রায় ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য অস্ত্র ও সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিদ্ধান্ত নিয়েছেন যে বিদ্যমান জরুরি পরিস্থিতির কারণে ইসরায়েল সরকারকে দ্রুত অস্ত্র সরবরাহ করা প্রয়োজন। সেই বিবেচনায় এই সামরিক সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করা কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা উন্নত করতে সাহায্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তায় অবদান রাখবে।
বিজ্ঞাপন
জরুরি এই প্যাকেজে বিএলইউ-১১০এ/বি সাধারণ বোমা, রসদ এবং সহায়তা পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় ভোরে ইসরায়েলি বাহিনী শহরটিতে আবারও হামলা শুরু করে।
ইসরায়েলের সেনা বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, তারা ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
বিজ্ঞাপন
এর আগে ইরানও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে ওই হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞাপন








