Logo

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন : ক্রেমলিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ, ২০২৬, ১৪:০৯
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন : ক্রেমলিন
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান–এর সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখবেন। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় শনিবার রাত ৩টায় প্রেসিডেন্ট পুতিন পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। ফোনালাপের কিছুক্ষণ পরই ক্রেমলিন থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়।

সেই বিবৃতির একজায়গায় বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই মর্মে একমত হয়েছেন যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়েছে যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন পুতিন।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে আলোচনা হয়েছে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়া সংলাপ শেষ হয়।

এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে মার্কিন সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে তেহরানে সামরিক অভিযান চালায়।

বিজ্ঞাপন

হামলার জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। মস্কো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো কোথায় অবস্থিত, সেগুলোর সেনাসংখ্যা, অস্ত্র, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে তেহরানকে সরবরাহ করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD