ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলায় নিহত ১০

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনে নতুন করে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ-এ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি রুশ ক্ষেপণাস্ত্র শহরের পাঁচতলা একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনের একটি প্রবেশপথের প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত অংশ ধসে পড়ে। বিস্ফোরণের পর বহু বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
খারকিভের মেয়র ইগর তেরেখভ বলেন, নিহতদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তার দ্বিতীয় শ্রেণিতে পড়া ছেলে রয়েছে। এছাড়া ১৩ বছর বয়সী এক কিশোরী ও তার মা-ও প্রাণ হারিয়েছেন। হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবারও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান চালান। ধারণা করা হচ্ছে, আরও কয়েকজন বাসিন্দা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন।
খারকিভ আঞ্চলিক প্রসিকিউটর দপ্তরের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এ হামলায় রাশিয়া ইজদেলিয়ে-৩০ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ঘটনাটি যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত শুরু হয়েছে।
এদিকে ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, খারকিভে হামলার পাশাপাশি রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আরও ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে মোট ২৯টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৪৮০টি ড্রোন ব্যবহার করা হয়। হামলার লক্ষ্য ছিল কিয়েভসহ বিভিন্ন অঞ্চলের জ্বালানি স্থাপনা।
বিজ্ঞাপন
তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৯টি ক্ষেপণাস্ত্র এবং ৪৫৩টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলাকে ‘নির্মম আঘাত’ উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়ন-এর প্রতি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে সহায়তা চেয়েছেন।
বিজ্ঞাপন
সূত্র: আল-জাজিরা








